রাজেন রায়, কলকাতা ২০ মার্চ: গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করতে না পেরে ভোট প্রচারে বাধা সৃষ্টি করছে তৃণমূল। ভোটের প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়ে এমনই অভিযোগ করলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর পাড়ায় যুব তৃণমূল সম্পাদক ওয়াসিম আহমেদ ইচ্ছাকৃতভাবে তাঁর প্রচারে গন্ডগোল ঘটিয়েছেন। এই ঘটনাত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আসানসোলে দু’বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এবারের বিধানসভা ভোটে টালিগঞ্জের প্রার্থী করেছে বিজেপি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে প্রচারে বেরিয়ে দলের কর্মী-সমর্থকদের নিয়ে ভবানীপুরের বলবন্তজির ধাবায় যান তাঁরা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁদের ঘিরে ধরেন তৃণমূল যুবর সদস্যরা। গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন। আর এই গোটা ঘটনায় নেতৃত্ব দেন যুব তৃণমূলের সম্পাদক ওয়াসিম আহমেদ।
বাবুল সুপ্রয়ের কড়া প্রতিক্রিয়া, ‘এটাই প্রমাণ করে যে গুন্ডামি আর গন্ডগোল পাকানোই আসল উদ্দেশ্য তৃণমূলের। এই ঘটনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রশ্রয়ের কারণে ঘটছে। যেখানে কোনও রকম সৌজন্যতার ছিঁটেফোটাও নেই। এই সমস্ত অসভ্যতামির জবাব নির্বাচনের ফলাফলে দিয়ে দেবেন মানুষ।

