মেদিনীপুরে শুরু হলো আয়ুষ মেলা, চলবে তিন দিন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে মেদিনীপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে মেদিনীপুরে শুরু হলো আয়ুষ মেলা। আজ সকালে এই মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলান স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক সহ কয়েকশো মানুষ। শহরের প্রদ্যোত স্মৃতি সদনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে তিন দিন এই মেলা চলবে।

থ্যালাসেমিয়া, যক্ষা, ডেঙ্গি, জীবাণু বাহিত বিভিন্ন রোগের হাত থেকে কিভাবে রেহাই মিলবে তার জন্য মেলায় রয়েছে স্টল। আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান বিভাগের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁঞা এই মেলার উদ্বোধন করেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলা শাসক খুরশেদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, খড়্গপুর গ্ৰামীন বিধানসভার বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মূলত আয়ুষ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *