আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর:
সবকিছু ঠিক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। সম্ভবত ঠিক তারপরেই ঘোষণা হবে লোকসভা ভোটের দিনক্ষণ বলে সূত্রের খবর। লোকসভা ভোটের আগে বিজেপির অন্যতম বড় অস্ত্র এই রাম মন্দির।
যখন জি-২০ সম্মেলন নিয়ে দিল্লি সরগরম তখন রাম মন্দিরের উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে অযোধ্যায় বৈঠকে বসেছিলেন রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর কর্তারা। বৈঠকে ঠিক হয় আগামী ২১ থেকে ২৪ শে জানুয়ারির মধ্যে কোনও একটি শুভদিনে মন্দিরের উদ্বোধন করা হবে। সবটা ঠিক থাকলে ২২ জানুয়ারির রাম মন্দিরের উদ্বোধন হবে। অযোধ্যা রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
তবে রামলালা আর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। রাম মন্দিরের প্রথমতলের কাজ প্রায় সম্পন্ন। যা বাকি আছে তা দীপাবলীর আগেই শেষ হয়ে যাবে। অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্য ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট, উচ্চতা ১৬১ফুট। ৩৯২টি স্তম্ভ এই বিরাট মন্দিরকে ধরে রাখবে। সেগুন কাঠে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা থাকবে স্বর্ণখোচিত।
রাম মন্দির উদ্বোধনের পরেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। বিরোধীদের টেক্কা দিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তথা এনডিএ জোটের অন্যতম অস্ত্র এই রামমন্দির।

