আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম খোলা বাজারে বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে। এমনকি সেই ফর্ম টাকার বিনিময়ে ফিলাপ করা হচ্ছে বলেও অভিযোগ। সদর বিডিও অফিসের সামনে দেখা গেল এই দৃশ্য। জেলাশাসকের দফতরে অভিযোগ পৌঁছাতেই রিপোর্ট তলব করা হয় বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ঘর বিলি প্রক্রিয়া স্বচ্ছ হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই জেলাশাসক নিজেই সরেজমিনে ঘর বিলির প্রক্রিয়া খতিয়ে দেখে প্রায় ত্রিশ হাজার ঘর বাতিল করেছেন। এরই মধ্যে আবাস যোজনার ঘরের আবেদনের ফর্ম প্রকাশ্যে বিক্রি হওয়ায় বির্তক ছড়াল। বুধবার সদর বিডিও অফিসের সামনে একাধিক দোকানে আবাস যোজনার ঘর পেতে আবেদন করার ফর্ম বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের। একটি ফর্মের দাম পাঁচ টাকা, এবং ফিলাপ করতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা বলে অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, ওয়েবসাইট থেকে এই ফর্ম পাওয়া যাচ্ছে। এক ব্যবসায়ী অশোক বসু বলেন, পাঁচ টাকা করে ফর্ম বিক্রি করছি। আগে একটা ফর্ম ছিল সেটা বাতিল হয়েছে। এখন নতুন ফর্ম বিক্রি হচ্ছে।”

বিডিও অফিসে আসা সঞ্জিত ভৌমিক বলেন, “গরিব লোকদের ঠকানো হচ্ছে। এভাবে সরকারি ফর্ম কি বিক্রি করা যায়? আসলে এর পেছনে একটা চক্র রয়েছে। এই চক্র বন্ধ হওয়া দরকার।”
যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

