অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ মে:
দিনের পর দিন ঝাড়গ্ৰাম জেলায় বেড়ে চলা হাতির তান্ডব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সচেতনতামূলক প্রচার অভিযান চালালো গোপীবল্লভপুর বন বিভাগ। মঙ্গলবার বন দফতরের পক্ষ থেকে বনাঞ্চল এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে মাইক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বন্য হাতি সম্পর্কে সচেতন করা হয়।

বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয় বর্তমানে ঝাড়গ্ৰাম জেলার বনাঞ্চল গুলোতে হাতি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তাই হাতি থেকে সতর্ক থাকতে লোকালয়ে হাতি এলে যাতে এলাকার মানুষ বন দফতরে খবর দেন এবং হাতি তাড়াতে বন দফতরের কর্মীদের সহায়তা করেন তার আবেদন করা হয়। পাশাপাশি বলা হয় হাতি এলাকায় থাকছে জানতে পারলে সাধারণ মানুষ যেন সন্ধে ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরোন। হাতি এলাকায় থাকলে যেন কেউ জঙ্গলে শুকনো পাতা সংগ্রহ করতে না যান। হাতির আক্রমণ ঠেকাতে যেন কেউ বাড়িতে মদ না রাখেন এবং মদ্যপান করে কেউ যেন হাতির সামনে না যান। এইসব সতর্কতামূলক বার্তা দিতে বন দফতরের পক্ষ থেকে গোপীবল্লভপুরের বিভিন্ন এলাকায় মাইকিং এবং লিফলেট বিলি করেন বন দফতরের কর্মীরা।

