সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ অক্টোবর: ডেঙ্গু ও অন্যান্য কীটপতঙ্গ বাহিত রোগ সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করে তোলার লক্ষ্যে এক প্রচারমূলক কর্মসূচি ও সমীক্ষা চালালো বাঁকুড়া সম্মিলনী কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা।

আজ সকালে বাঁকুড়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। বিভাগীয় প্রধান বাঁকুড়া সম্মিলনী কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক(ডঃ) অরিন্দম গাঙ্গুলি ও অধ্যাপক সৌরভ সিংহ’র নেতৃত্বে প্রায় আড়াই ঘন্টার এই কর্মসূচিতে ৮৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাঁদের সহযোগিতা করেন বাঁকুড়া পৌরসভার ১১ জন স্বাস্থ্য কর্মী। ১১টি গ্রুপে ভাগ হয়ে কমরার মাঠ, বাঁকুড়া টাউন গার্লস স্কুল সংলগ্ন বস্তি, কমরার পুকুরপাড়ের বস্তি, সিনেমা রোড, চাষা পাড়া ও নূতনপুকুর এলাকার প্রায় তিনশো পরিবারের কাছে প্রচার করা হয়।

সকাল সাড়ে আটটায় এই কর্মসূচির সূচনা করেন এই এলাকার কাউন্সিলর স্বর্ণ দাস। এছাড়াও এই কর্মসূচিতে সারাক্ষণ সামিল হন ঐ কলেজেরই অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা প্রাক্তন টিচার-ইন-চার্জ প্রতীপ মুখোপাধ্যায়, ৫নং ওয়ার্ড কমিটির সম্পাদক রাজু দাস ও বাঁকুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুবীর ব্যানার্জি। বেশি জ্বর হলেই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ, কোথাও জল যাতে না জমতে পারে এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অন্যান্য বিষয়ের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে এই প্রচারের ওপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়।

বাঁকুড়া সম্মিলনী কলেজের অধ্যক্ষ ডঃ সমীর কুমার মুখার্জি ও মাইক্রো বায়োলজির বিভাগীয় প্রধান অধ্যাপক(ডঃ) অরিন্দম গাঙ্গুলি এই কর্মসূচিতে সহযোগিতার জন্য বাঁকুড়ার পৌর কর্তৃপক্ষ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর স্বর্ণ দাস সহ সংশ্লিষ্ট পৌরসভার স্বাস্থ্য কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

