“সেফ ড্রাইভ সেভ লাইভ” নিয়ে মন্ডপে সচেতনতা প্রচার, জলপাইগুড়ির তিনটি দুর্গা পুজো কমিটিকে পুরস্কৃত করলো জেলা পুলিশ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ নভেম্বর: জলপাইগুড়ি জেলার তিনটি দুর্গা পুজো কমিটিকে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ বিষয়ে পুরস্কৃত করা হল জেলা পুলিশের তরফে। শনিবার পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি পুজো কমিটি’র প্রতিনিধিদের ট্রফি, ২৫ হাজার টাকার চেক ও মিষ্টি তুলে দিলেন জেলা পুলিশের অফিসাররা। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, সদর ট্র‍্যাফিক (ডিএসপি) অরিন্দম পাল চৌধুরী, ডিআইবি (ডিএসপি) মানবেন্দ্র দাস, ক্রাইম (ডিএসপি) বিক্রমজিৎ লামা।

পুজো কমিটিগুলি হল ময়নাগুড়ি ব্লকের টেকাটুলির কালীরহাট মোড়ের হরিমন্দির সর্বজনীন দুর্গা পুজো কমিটি, জলপাইগুড়ি মহুরিপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি ও রাজগঞ্জের পাতিলাভাষা কদমতলা সর্বজনীন দুর্গা পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটি দুর্গা পুজোর মণ্ডপে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে অভিনবভাবে সচেতনতা প্রচার করেছিল। জেলা পুলিশের প্রতিনিধিরা প্রত্যেক পুজো মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এরপরেই তিনটি ব্লকের তিনটি পুজো কমিটিতে পুরস্কৃত করা হল।

জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন,”দুর্গা পুজোর সময় সেফ ড্রাইভ সেভ লাইভ বিষয়ে তিনটি বিভাগে তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *