স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ আগস্ট: করোনা আবহে রায়গঞ্জ জেলা পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে রায়গঞ্জ থানার পুলিশের উদ্যোগে যেসব পথচারী, গাড়ির চালক ও যাত্রীরা মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করছেন তাঁদের নিজে হাতে মাস্ক পড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সচেতন করলেন পুলিশ আধিকারিকরা। রায়গঞ্জ থানার এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি রিপন বল, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি কৃষ্ণেন্দু দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে রায়গঞ্জের সাধারণ মানুষকে মাস্ক পরার আবেদন জানান পুলিশ আধিকারিকরা।

করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমে আসার পর থেকেই সাধারণ মানুষের মাস্কের ব্যাবহারের ঢিলেমি দেখা দিয়েছে। উত্তর দিনাজপুর জেলা সদর শহর রায়গঞ্জ শহরেও একই ছবি দেখা দিয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্কের ব্যাবহার অত্যন্ত আবশ্যিক এই সচেতনতা গড়ে তুলতে এবং মাস্কের ব্যাবহার বাধ্যতামূলক করতে উদ্যোগী হয় রায়গঞ্জ থানার পুলিশ। আজ ডিএসপি রিপন বলের নেতৃত্বে মাস্ক অভিযানের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে রায়গঞ্জের সাধারণ মানুষের উদ্দেশ্যে মাস্ক ব্যাবহারের বার্তা দেন। পরবর্তীতে মাস্ক বিহীন কাউকে রাস্তায় দেখলে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার কথা প্রচার করেন পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরের সর্বস্তরের মানুষ।

