স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৬ জুন:
নদীয়ার শান্তিপুর বেড় পাড়ার বাসিন্দা সাদিক আলী দীর্ঘ সাত আট বছর ধরে পার্শ্ববর্তী চৈতলপাড়ায় তাঁত শাড়ির ছাপাখানা চালান। অন্য আর পাঁচটা দিনের মতন গতকাল রাতেও দুটি দরজায় চারটি তালা দিয়ে বাড়ি যান। আজ সকাল ছ’টা নাগাদ কর্মচারীরা কারখানার ঘর খুলতে গিয়ে লক্ষ্য করেন একটি তালা ভাঙ্গা। এমনকি ভিতরে কাঠের খিল পর্যন্ত খোলা হয়েছে। ভাঙ্গা হয়েছে দরজার দুটো তালা।

কর্মচারী গণি শেখ বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। বাইরে রাস্তার পাশে বাড়িতে দুটো সিসি ক্যামেরা আছে, পুলিশ এসে তা দেখে তদন্ত শুরু করুক।

ওই কারখানার মালিক সাদিক আলী বলেন, আনুমানিক ৭ -৮ বান্ডিল শাড়ি প্রায় ৫০০ পিস এবং ১০ লিটারের রঙের পাঁচ থেকে ছটি ড্রাম চুরি গেছে। সব মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি। যার মধ্যে রং নিজস্ব হলেও শাড়িগুলি বিভিন্ন মহাজনের দেওয়া তাই দুশ্চিন্তা সেখানেই। তবে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর সাথে সাথেই পুলিশ এসে খতিয়ে দেখে গেছে সমস্তটাই। যথেষ্ট ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা হওয়ার কারণে কোনোদিনই এই চুরির মতো ঘটেনি। তবে এবার যে কিভাবে ঘটলো তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

