আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ: সোমবার কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংগঠনের বোর্ড দখলের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
‘চিনতে যদি পেরেই থাকো/ ঘেন্না করো, ঘেন্না করো’ শিরোনামে এক বিবৃতিতে প্রতিষ্ঠানের এসএফআই শাখার তরফে অভিযোগ করা হয়েছে, “আজ সকালে প্রেসিডেন্সিত আচমকা টিএমসিপি-র তিন চারজন ক্যাডার এসে আনীস খাঁনের হত্যার প্রতিবাদে লেখা ইন্ডিপেন্ডেন্টস কনসোলিডেশন (আই সি)-এর একটি বড় বোর্ড তুলে দেয়। শুধু তাই নয় সেই বোর্ডের ওপর কাগজ সেঁটে তারা নিজেদের সংগঠনের পোস্টার লিখতে শুরু করে। উপস্থিত ক্ষুব্ধ আইসি সমর্থকরা গিয়ে তৃণমূল ক্যাডারদের হাত থেকে বোর্ডটি উদ্ধার করে।
বলা বাহুল্য, এই ঘটনা এবং প্রেসিডেন্সিতে সংখ্যায় নগণ্য হয়েও তাঁদের এহেন ঔদ্ধত্য আসলে তৃণমূলের গণতন্ত্র বিরোধী মনোভাবেরই আরেকটি বহিঃপ্রকাশ। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এই আপাদমস্তক নির্লজ্জ ও রাজনৈতিকভাবে দেউলিয়া আচরণকে প্রেসিডেন্সি ধিক্কার জানায়। বেকার ল্যাব ভাঙ্গা, শিক্ষা বিরোধী, ছাত্রবিরোধী তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রীরা।”

