স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি: উপ-প্রধানকে হত্যার চেষ্টার ঘটনায় উত্তেজনা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জের বলেই প্রাথমিক অনুমান। লোহার রডের আঘাতে গুরতর আহত তৃণমূলের উপপ্রধান। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ভোষপিটা এলাকায়।
উপপ্রধান শাকির আহমেদের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হামলাকারিরা এলাকার তৃণমূলের নেতা তাহের গোষ্ঠীর আশ্রিত বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে উপপ্রধান শাকির আহমেদ বাড়ি ফেরার পথে ভোষপিটা বাজার সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা করে। স্থানীয়দের তৎপরতায় শাকির আহমেদকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। তদন্তে নেমে রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি টহলদারি চলছে এলাকায়। ঘটনার পর থমথমে এলাকা।

