Modi, BJP, বাঙালি হিন্দুদের ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে! ব্রিগেড সমাবেশ থেকে দাবি মোদীর

আমাদের ভারত, ১৪ মার্চ: অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। যদিও এই কথা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে দাঁড়িয়ে আবারো অনুপ্রবেশ সহ জনবিন্যাস বদলের অস্ত্রে জোরালো ভাবে শান দিলেন।

প্রধানমন্ত্রী দাবি করলেন, এই রাজ্যে বাঙালি হিন্দুদের ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু করার চেষ্টা চলছে। হিন্দুরা কোনদিন বিভাজন সমর্থন করেনি। তৃণমূল সেই হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে।

অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল বাংলার নিরীহ হিন্দুদের ভয় দেখিয়ে রাখতে চায়। কট্টরপন্থীদের উস্কানি দেয়। গুন্ডাদের পোষে। আজ অনুপ্রবেশকারীদের অত্যাচারে বাঙালিরা এই বাংলা ছাড়তে বাধ্য হচ্ছেন। তাঁর অভিযোগ, বাংলার রোটি- বেটি- মাটির ওপর হামলা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা।

বাংলার মুখ্যমন্ত্রীর সিএএ-র বিরোধিতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর দাবি, আমরা যখন সিএএ করলাম, এখানকার তৃণমূল সরকার বিরোধিতা করল। শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে তৃণমূল বিরোধিতা করে। মোদীর দাবি, আসলে ওরা হিন্দুদের নাগরিকত্ব দিতে চায় না।

মোদীর দাবি, বিগত কয়েক দশকে বাংলার বহু এলাকায় জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। এই চালাকি করে বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দিচ্ছে তৃণমূল। তুষ্টিকরণের এমন নোংরা খেলা আর সইবে না বাংলা। মোদীর অভিযোগ, এখানকার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় না। ভোটার তালিকা সংশোধন করতে চায় না। মোদী আরও দাবি করেন, বাংলার হিন্দুদের ভোটব্যাঙ্ক হিসেবে ভাবেই না তৃণমূল। রাজ্যের শাসকদের ভোটব্যাঙ্ক শুধুই অনুপ্রবেশকারীরা। আর তাদের বাঁচাতে এসআইআর- এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, ওরা হুমকি দেয়। একটা নির্দিষ্ট সম্প্রদায় নাকি বাকিদের খতম করে দেবে। কারা এরা? তৃণমূলের ইশারায় কোটি কোটি লোককে খতম করার কথা বলছে কারা? এদের হাতিয়ার বানাচ্ছে তৃণমূল? ভোটার আর মিডিয়াকে হুমকি দিচ্ছে? মহুয়া মৈত্রের, “তৃণমূল না করলে বাঙালি নয়” মন্তব্যেরও বিরোধিতা করেন মোদী।

প্রধানমন্ত্রীর সাফ কথা, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সব কিছুর হিসাব হবে। একদিকে বিকাশ করবো, অন্যদিকে হিসেব নেব। তৃণমূলের যারা আপনাদের ভয় দেখায়, তাদের এবার পাল্টা ভয় দেখানোর সময় এসেছে। বিজেপি ক্ষমতায় এলে সব কট্টরপন্থী অনুপ্রবেশকারীরা, গুন্ডারা ভয়ে থাকবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *