গর্ভমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি ব্যবহার করে সিআইডি পরিচয় দিয়ে তোলা আদায়ের চেষ্টা, কাঁকসায় ধৃত ২

জয় লাহা, দুর্গাপুর, ৭ আগস্ট: গর্ভমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি করে সিআইডি পরিচয় দিয়ে হোটেল থেকে তোলা আদায়ের চেষ্টা। পুলিশি তৎপরতায় ধরা পড়ল আরপিএফের অবসরপ্রাপ্ত কর্মী সহ দু’জন। তাদের ব্যবহার করা গাড়িটিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ওপর কাঁকসার এলএন্ডটি মোড়ের কাছে। 

পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম উৎপল চ্যাটার্জি। তিনি পুরুলিয়ার বাসিন্দা। রেলপুলিশের অবসরপ্রাপ্ত কর্মী। আটক হওয়া ওই গাড়িটির চালক সাবুলাল বাউরি। তিনি রানীগঞ্জের বাসিন্দা।

ঘটনায় জানাগেছে, শনিবার রাতে জাতীয় সড়কের এলএন্ডটি মোড়ের কাছে একটি হোটেলে খাবার খায় দু’জনে। তারপর হোটেলের কর্মীদের হোটেলের বিল না দিয়ে উল্টে সিআইডি পরিচয় দিয়ে ৫ হাজার টাকা চায় বলে অভিযোগ। হোটেল কর্মীদের সন্দেহ হওয়ায় তারা কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ওই দুই জনকে গ্রেফতার করে। তাদের ব্যবহার করা গাড়িটিকে আটক করে। গাড়িটির পিছনে গর্ভমেন্ট অফ ইন্ডিয়া লেখা ও সামনে পুলিশ লেখা বোর্ড রয়েছে। ধৃত ব্যক্তি হোটেলে টাকা আদায়ের জন্য নিজেকে আসানসোল সিআইডির পরিচয় দিয়েছিল।

রবিবার ধৃত দুই জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নিজ হেপাজতে নেওয়া হয়েছে তাদের গাড়িটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *