সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১০ অক্টোবর: মদপ্য অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে ধারাল বঁটি দিয়ে খুন করার চেষ্টা করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার শ্রীনগর এলাকায়। অভিযোগ পাওয়ার পর হাবড়া থানার পুলিশ জামাইকে গ্রেফতার করে। ধৃতের নাম প্রশান্ত সরকার।
পরিবারের অভিযোগ, প্রশান্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত। মাঝে মধ্যেই মদপ্য অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রী ও পাঁচ বছরের পুত্র সন্তানকে মারধর করে বলে অভিযোগ। দিনমজুরের কাজ করে প্রশান্ত। সংসার ও ছেলের খরচের জন্য মাত্র ৫০ টাকা তাঁর স্ত্রীকে দেয়। বাকি টাকা মদ খেয়ে উড়িয়ে দেয়। প্রতিবাদ করতে গেলে স্ত্রী ও ছেলেকে মারধর করে। প্রতিদিনই প্রশান্তর শাশুড়ি কোনও না কোনও খাবার পাঠাত। এদিনও খাবার দিতে এসে শাশুড়ি দেখে তাঁর মেয়েকে বঁটি দিয়ে খুন করার চেষ্টা করে জামাই। শাশুড়ি বাধা দিতে গেলে তাকে চলা কাঠ দিয়ে বেধড়ক মারধর করে।

শাশুড়ি দীপ্তি অধিকারী বলেন, জামাইয়ের এই অত্যাচারের জন্য অনেকবার এই এলাকায় সালিশি সভা করা হয়েছে। তাতেও লাভ হয়নি। এদিন জামাইয়ের চরম শাস্তির দাবি করে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রশান্তকে গ্রেফতার করে। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হয়।

