জে মাহাতো, মেদিনীপুর, ২৭ জানুয়ারি:
বিয়ে করতে ব্যর্থ হয়ে দুষ্কৃতীরা ১৬ বছরের এক নাবালিকার গলা কেটে দেওয়ায় পিংলা থানার বলিশ্বরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছেl ঘটনায় অভিযুক্ত ক্ষীরাই এলাকার বাসিন্দা পঞ্চান্ন বছরের মোজাফফর খান সহ কয়েক জনকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরী আসমাকে বিয়ে করার জন্য মোজাফফর খান বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলl মেয়েটির বাড়িতে সে বিয়ের প্রস্তাবও দিয়েছিলl কিন্তু আসমা এবং আসমার বাবা-মা এই বিয়েতে রাজি হননিl বুধবার সন্ধ্যায় বলিশ্বরপুর এলাকায় আয়োজিত একটি ম্যাজিক শো দেখতে গিয়েছিল পিংলা গার্লস স্কুলের ছাত্রী আসমা খাতুন (১৬ )l ম্যাজিক শো দেখার সময় পিংলার ক্ষীরাই এলাকার শেখ মোজফফর খান ও তার সঙ্গী কয়েকজন যুবক একটি মারুতি নিয়ে সেখানে পৌঁছায় এবং আসমার নাম ধরে ডাকতে থাকেl ওই সময় সে মারুতির কাছে গেলে তাকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করা হয়l কিশোরীর চিৎকার শুনে তার বাড়ির লোকজন এবং স্থানীয়রা ছুটে গেলে শেখ মোজাফফর ও তার সঙ্গীরা কিশোরীর গলায় ছুরি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন আসমাকে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেনl অবস্থা আশংকাজনক হওয়ায় পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা পিংলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেনl এর ফলে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়l খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশl এলাকাবাসীদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত ওই যুবক সহ বাকিদের গ্রেফতার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবেl ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে তা তুলে নেওয়া হয়l

