রাজেন রায়, কলকাতা, ৩০ আগস্ট: পারিবারিক অশান্তির জেরে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। একই সঙ্গে মা বোন এবং নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারিতে এক খ্রীস্টান পরিবারে। অভিযুক্ত রোহন গোমসকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রোহন গোমস প্রায়ই রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। তা নিয়ে বাড়িতে লেগেছিল পারিবারিক অশান্তি। রবিবার সে বাড়ি ফেরার পর বাড়িতে তুমুল, ঝগড়া ঝাঁটি অশান্তি হতে থাকে। বাড়ির এক তলার দরজা, জানলা বন্ধ করে মারধরের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। মা, বোন ও নিজের গায়েও কেরোসিন তেল ঢেলে দেয়, বলে জানা যায়। এরপর বেপরোয়াভাবে মাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে।
এদিকে আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সকলে ক্রমাগত দরজা ধাক্কানোর পর সাড়া না পাওয়ায় বাড়ির দরজা ভেঙ্গে তারা ঘরে ঢুকে পড়েন। তখন অভিযুক্ত যুবক তাদের উপর আক্রমণের চেষ্টা করে। কোনও ভাবে রোহনকে ধরে ফেলে ঘরে ঢুকে মা জয়া গোমস ও মেয়ে ঋতু গোমসকে তারা উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাঘাযতীন হাসপাতালে নিয়ে গিয়ে শুশ্রুষা করা হয়। জয়াদেবীকে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তিনি গুরুতরভাবে জখম হওয়ায় সেখান থেকে এলগিন রোডের সমরিতান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হলে বোন ঋতু ভাই রোহনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন।

