সুশান্ত ঘোষ, বনগাঁ, ১০ এপ্রিল: প্রেমে প্রত্যাখ্যান করায় এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে প্রতিবেশী তিন যুবক। কোনওক্রমে পালিয়ে বাঁচে ওই তরুণী। রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম উজ্জল দাস, রাজীব ঘোষ ও রাজেশ ঘোষ।
পরিবার সূত্রের খবর, বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা এক তরুণী এদিন রাত সাড়ে আটটা নাগাদ বনগাঁ শহর থেকে ওষুধ নিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিন যুবক মুখে গামছা বেঁধে ওই তরুণীকে রাস্তায় আটক করে। তিনজনের হাতে থাকা তিন বোতল কেরোসিন তাঁর গায়ে ঢেলে দেয়। এরপর দেশলাইয়ের কাঠি জ্বালাতেই সে স্কুটি চালিয়ে কোনওক্রমে সেখান থেকে পালিয়ে কোর্ট মোড়ে এসে পৌছন।
স্থানীয় পথ চলতি লোকজন তার কান্না দেখে বুঝতে পারে। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে। খবর পেয়ে পরিবারে লোকজন ছুটে আসে। এরপর পরিবারের লোকজনদের নিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন ওই তিন যুবকের বিরুদ্ধে।
তরুণী জানিয়েছে, দিন কয়েক আগে পাশের পাড়ায় এক বাড়িতে টিউশান পড়াতে যায়। সেখান থেকেই উজ্জল দাস আমার ফোন নম্বর নেয়। উজ্জল বেশ কিছু দিন ধরে ফোন করে প্রেমের প্রস্তাব দেয়। ওই তরুণী জানান, তাঁর বিয়ে ঠিক হয়ে আছে। রেজিস্ট্রি হয়ে গিয়েছে, তাঁর পক্ষে সম্ভব না। এরপর থেকে রাস্তায় বেরলেই তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত উজ্জল। বিভিন্ন ভাবে কুপ্রস্তাব ও খুন করার হুমকি দিত বলে অভিযোগ। বাধ্য হয়ে গত মঙ্গলবার উজ্জলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানায় ওই তরুণীর পরিবার। সেই সময় পুলিশ উজ্জলকে সাবধান করে। সেই রাগে রবিবার রাতে এই ঘটনা ঘটায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই তরুণী ও তাঁর পরিবার। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছেন তিনি। সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

