দিনে দুপুরে গাড়ির কাঁচ ভেঙ্গে ছিনতাইয়ের চেষ্টা, চাঞ্চল্য ইসলামপুরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ জানুয়ারি: দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার লোহাপট্টি মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমজান আলি নামে এক ব্যক্তি লোহাপট্টি মোড় এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে পাশের একটি সেলুনে যান। কিন্তু তারপর স্থানীয় বাসিন্দারা গাড়ির মালিকের কাছে ছুটে এসে বলেন, তার গাড়ির কাঁচ ভেঙ্গে দিয়েছেন দুই দুষ্কৃতী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন ব্যক্তি বাইকেএ চেপে এসে গাড়ির কাঁচ ভেঙ্গে গাড়িরতে থাকা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করে। এরপরই গাড়ির কাঁচ ভাঙ্গার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। তারপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছিনতাই করার উদ্দেশ্যে দুইজন যুবক বাইকে করে এসে গাড়ির কাঁচ ভেঙ্গে গাড়ির ভেতরে থাকা জিনিষপত্র নেওয়ার চেষ্টা করে। কিন্তু আশপাশের লোকজন ছুটে আসায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা।

গাড়ির মালিক রমজান আলি জানিয়েছেন, তিনি গাড়িটি রেখে পাশের একটি সেলুনে গিয়েছিলেন। তখনই আশপাশের লোক তাকে গিয়ে বলেন, তার গাড়ির কাঁচ ভেঙ্গে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে দু’জন দুষ্কৃতী। তৎক্ষণাৎ তিনি দৌড়ে গিয়ে দেখেন তার গাড়ির কাঁচ ভাঙ্গা অবস্থায় রয়েছে তবে ভেতরের জিনিসপত্র নিতে পারেনি দুষ্কৃতীরা। তবে এমন ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা মহম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, দিনে দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনা ইসলামপুরে শুরু হয়েছে। এমন ঘটনা যাতে শীঘ্রই বন্ধ হয় এবং ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *