প্রকাশ্যে শান্তিপুরে এক যুবতীকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গেলে দিদিকে বেধড়ক মারধরের অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুলাই: দিনের আলোয় প্রকাশ্যে এক যুবতীকে অপহরণ করার চেষ্টা, দিদি বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বাগআঁচড়া বাজারপাড়া এলাকায়।

ওই দুই যুবতী প্রিয়াঙ্কা বিশ্বাস ও বোন পিয়ালী বিশ্বাসের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর নাগাদ দুই বোন একসাথে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন এলাকারই এক যুবক হঠাৎ তাদের উপর চড়াও হয়। ছোট বোন পিয়ালী বিশ্বাসের চুলের মুঠি ধরে সাইকেল থেকে নামানোর চেষ্টা করে। দিদি প্রিয়াঙ্কা বিশ্বাস ঠেকাতে গেলে তাকে বেধড়ক মারধর করে ওই যুবক। চিৎকার চেঁচামেচি করলেও ছুটে আসেনি কেউ, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল। এরপর দুই বোন ওই যুবকের কাছ থেকে কোনো রকমে ছিটকে পালিয়ে যায়। এরপর গোটা ঘটনা জানায় পরিবারকে।

পরিবারের লোকজন সহ ওই দুই যুবতী বৃহস্পতিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তবে পরিবারের দাবি, ওই যুবকের পিয়ালী বিশ্বাসের ওপর কুনজর ছিল। কিন্তু তখন সেইভাবে গুরুত্ব দেয়নি পরিবার। আজ দিনের বেলায় প্রকাশ্যে রাস্তা থেকে মেয়েকে অপহরণ করার চেষ্টায় তারা হতবাক। তবে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *