বাগনানে বিজেপি নেতা উপর হামলা, গাছে বেঁধে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, হাওড়া, ১২ জুন: ঘর ছাড়া এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাগনানের ওড়ফুলি অঞ্চলের ধোরামান্না গ্রামে। আহত বিজেপি নেতার নাম মিঠুন চক্রবর্তী। তিনি বাগনান ৩ নং মন্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক। আহত বিজেপি নেতা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় বিজেপি নেতার পরিবার বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে ভোটের পর থেকে মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরে ঘরছাড়া ছিলেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি ফেরেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুক্রবার মিঠুন বাড়ি ফিরতেই ২০/২৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে বাড়ি থেকে বের করে গাছে বেঁধে ব্যাপক মারধর করে। পরে দুষ্কৃতীরা এলাকা থেকে চলে গেলে বাগনান থানার পুলিশ আহত বিজেপি নেতাকে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে উলুবেড়িয়ায় স্থানান্তরিত করা হয়।

এদিকে এই ঘটনার পর রাতেই আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে আসেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি প্রত্যুষ মন্ডল, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ, আহ্বায়ক সুজয় চক্রবর্তী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই হাওড়া গ্রামীণ জেলার একাধিক বিজেপি নেতা কর্মীরা ঘরছাড়া হয়ে আছেন। সম্প্রতি দলের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের পাশাপাশি বিভিন্ন থানায় ঘরছাড়াদের ফেরানোর জন্য আবেদন জানানো হয়। আর তারপরেই আস্তে আস্তে বিজেপি নেতা কর্মীরা বাড়ি ফিরতে শুরু করেছেন। তাদের অভিযোগ, শুক্রবার সেইমতো মিঠুন বাড়ি ফিরতেই তাঁর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি তথা রাজ্যের জনসাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই। তিনি বলেন তৃণমূল কাউকে ঘরছাড়া করে না এবং কাউকে মারধর করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *