তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাসের উপর হামলা, উত্তেজনা ভাটপাড়ায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ফেব্রুয়ারি: ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাসের উপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়ার রামনগর কলোনি এলাকায়। রবিবার দুপুরে প্রার্থী ভাটপাড়া ১০ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবে স্থানীয় তৃণমূল কর্মীদের সাথে কথা বলছিলেন আর ঠিক তখনই দুষ্কৃতীরা বাইকে করে আসে এবং তৃণমূল প্রার্থীকে ডাকে। সেই সময় তিনি ফোনে কথা বলতে বলতে তার গাড়ির দিকে এগিয়ে যেতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং প্রার্থীর গাড়িতে লাগে। ক্ষতিগ্রস্থ হয় তার গাড়ি। প্রকাশ্য দিবালোকে গুলি চালনার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায়।

প্রসঙ্গত, এই তৃণমূল প্রার্থী কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনাস্থলে আসে বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত থাকার অভিযোগ করে বলেন, “অর্জুন সিং ও বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাই ওরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যাতে আবার অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া। অর্জুন সিং’কে দ্রুত গ্রেপ্তার করা উচিত পুলিশ প্রশাসনের”।

ওপর দিকে এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠলেও গোটা ঘটনা অস্বীকার করে বিজেপির সাংগঠনিক সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, অকারণেই বিজেপিকে কালিমালিপ্ত করা হচ্ছে। তিনি এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ করেন। তবে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *