তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে হামলা, রণক্ষেত্র এলাকা

আমাদের ভারত, হুগলি, ৮ সেপ্টেম্বর : কেন্দ্রীয় আবাস যোজনার ঘর সহ কেন্দ্রীয় প্রকল্পের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর মিছিলে ব্যাপক বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার বিকেলে ঘটিনাটি ঘটেছে তারকেশ্বর চাউলপট্টি মোড় এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালো পতাকা দেখিয়ে সাধারন বিক্ষোভ থেকে মারামারিতে পৌছে যায়। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয় বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তারকেশ্বরের পদ্মপুকুর এলাকা থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। চাউলপট্টির কাছে মিছিল পৌছতেই ওই মিছিলকে লক্ষ্য করে তৃণমূলের কয়েকজন মহিলা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। সেই বাদানুবাদ ইট বৃষ্টিতে রূপ নেয়। এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়। উপস্থিত র‍্যাফ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই সময়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ততক্ষণে পরিস্থিতি ব্যাপক আকার ধারন করে। তৃণমূলের মহিলা বাহিনীর ছোড়া ইটের পাল্টা বিজেপির কর্মীরাও ইট ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় চাউলপট্টি এলাকা।

ঘটনায় খবর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ছুটে যায় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার নেতাদের অভিযোগ, নবান্ন অভিযানের সমর্থনে আমাদের একটি মিছিল ছিল। সেই মিছিল তারকেশ্বর স্টেশনবাজার এলাকায় গিয়ে একটি সভা হওয়ার কথা ছিল। কিন্তু, চাউলপট্টি মোড়ে তৃণমূলের মহিলা বাহিনী আমাদের কালো পতাকা দেখায়। একই সঙ্গে মিছিলে ইট মেরে মিছিল ভন্ডুল করার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *