মোদীর উপর হামলার ছক ছিল, পাটনা থেকে গ্রেফতার দুই জঙ্গি

আমাদের ভারত, ১৪ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলার ছক ছিল। এই অভিযোগে পাটনা পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। আরও ২৪ জনের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

দু’দিন আগে পাটনায় বিহার বিধানসভার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, প্রধানমন্ত্রীর উপর হামলার একটি ষড়যন্ত্র করা হয়েছে। সেই ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা নেয় পুলিশ। একই সঙ্গে সন্দেহজনক বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হয়। বুধবার গভীর রাতে পাটনার অদূরে ফুলবাড়ি শরিফ এলাকা থেকে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রীর উপর হামলার ছক কষা হয়েছিল ২৬ জনকে নিয়ে। ফুলবাড়ি শরিফে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় চার দিন আগে।

ধৃতদের নাম মহম্মদ জালাল উদ্দিন ও আতাহার পারভেজ। জানা গেছে, মহম্মদ জালাল উদ্দিন ঝাড়খান্ড পুলিশের থানাস্তরের একজন অবসরপ্রাপ্ত অফিসার।

পাটনার অতিরিক্ত পুলিশ সুপার মণিশ কুমার বলেন, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি আসার আগে রুটিন নজরদারি বাড়ানো হয়। সেই সূত্রেই ফুলবাড়ি শরিফে জঙ্গি প্রশিক্ষণের খবর পাওয়া যায়। এদিকে ধৃত পারভেজের সঙ্গে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছে। ধৃতরা জেরায় জানিয়েছে তাদের সাথে আর ২৪ জন ছিল। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *