আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ মার্চ:
উত্তর ২৪ পরগনার হাবড়ার রুদ্রপুর এলাকায় বৃহস্পতি বার দলীয় কর্মিসভায় যোগ দেন স্থানীয় তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই দলীয় অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা পরিকল্পিত। নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা ব্যানার্জির ওপর হামলার প্রতিবাদে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি যারা এই ঘটনা নিয়ে কু-কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলেন, এই আঘাত এর বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে। আড়াইশো সিট নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল।

পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার গুজরাট থেকে অস্ত্র আমদানি করছে বিজেপি। মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যে বিরোধী দলগুলো কটাক্ষ করা শুরু করেছে তা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, নির্বাচনের ফল বেরলে এই সমস্ত লোকেরা কেউ এয়ারপোর্টে, কেউ বাড়ির চিলেকোঠায়, কেউ নিজের বাড়ির ছাদের নিচে গেটে তালা দিয়ে বসে থাকবে।

