আমাদের ভারত, ১০ এপ্রিল:
বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এই অভিযোগ শুনে ছুটে গিয়েছিলেন চুঁচুড়া বিধানসভার বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপরই তাঁর উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস, তাঁর গাড়িও ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি কর্মীরা নিজেরাই গাড়ি ভেঙ্গেছে।

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শনিবার অভিযোগ করে বলেন, তিনি সকাল থেকে তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন। বেলার দিকে তিনি খবর পান চুঁচুড়া বিধানসভার ঈশ্বরবাগ এলাকার ৬৬ নম্বর বুথে তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছে, সেই খবর পাওয়ার পরে তিনি সেই বুথে ছুটে যান। লকেট জানান তিনি বুথের ভিতর ঢুকে দেখতে পান এক মহিলা ইভিএমের কাছাকাছি রয়েছেন। তিনি তার পরিচয় জানতে চান। তখন সেই মহিলা জানান। তিনি কভিড ভলান্টিয়ার। এর পরেই লকেট তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এই ঘটনার পর লকেট চ্যাটার্জি বুথের বাইরে বেরোলেই। তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়, কালো পতাকা দেখানো হয়। শুরু হয় ইটবৃষ্টি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাঠি বাঁশ দিয়ে তাঁর গাড়ি ভাঙ্গচুর করে৷ কাঁচের টুকরো লেগে তার হাত জখম হয়।
সংবাদমাধ্যমও বাদ জায়নি। সাংবাদিকরাও আক্রান্ত হন, তাঁদের গাড়িও ভাঙ্গচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি পলাশ ঢালী নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।

অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, বিজেপি দলের কর্মীরা বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙ্গচুর করেছে। তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল নেত্রী দোলা সেন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙ্গচুর করেছে গাড়ির মধ্যে থাকা বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

