সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মার্চ: আইএসএফের বৈঠকে হামলা করে কর্মীদের মারধর ও একটি বাড়ি আগুন লাগানোর চেষ্টা। এমনই অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রাতেই অশোকনগর থানা ঘেরাও করে আইএসএফের সমর্থকরা। পুলিশ তদন্তে নেমে তৃণমূলের তিন কর্মীকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা বামুনিয়া এলাকায়।

অভিযোগ, এদিন রাত সাড়ে আটটা নাগাদ বামুনিয়া গ্রামে আইএসএফের এক সমর্থকের বাড়িতে বসে ভোট নিয়ে বৈঠক করছিল কর্মীরা। সেই সময় ওই বৈঠক লক্ষ্য করে স্থানীয় তৃণমূল সমর্থকরা ইট ও পাথর ছোড়ে ও বিজেপির দালাল বলে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর ওই বাড়ি থেকে আইএসএফের কর্মীরা বেড়িয়ে এসে প্রতিবাদ করতে গেলে তাঁদের ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি যে বাড়িতে বসে আইএসএফের কর্মী সমর্থকরা বৈঠক করছিল সেই বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে তৃণমূলের সমর্থকরা। ঘটনা জানাজানি হতেই আইএসএফের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্ত তৃণমূল দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপর আইএসএফের কর্মীরা সঙ্গবদ্ধ হয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে অশোকনগর থানা ঘেরেও। পুলিশ ঘটনার তদন্ত করে তিন তৃণমূল দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার বারাসত আদালতে তলা হয়।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব নেতা প্রদীপ সিং বলেন, বিনা দোষে আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে। পাল্টা আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি। উল্লেখ্য এবার অশোকনগর বিধানসভায় আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি।

