আমাদের ভারত, ৭ এপ্রিল: আজ কোচবিহারের শীতলকুচিতে সভা করে ফেরার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। বিজেপি সভাপতির গাড়িতে বোমা ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
জানা গেছে, বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল দিলীপ ঘোষের। বিজেপির অভিযোগ সভা শেষ করে ফেরার পথে তৃণমূলের কর্মীরা এই হামলা চালিয়েছে। বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ছাড়াও কনভয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। ঘটনায় দিলীপ ঘোষ অক্ষত থাকলেও বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
এ প্রসঙ্গে দিলীপ বাবু জানান,”আমার সভা শেষ হবার পর যখন ফিরছি তখন মাথাভাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে অনেক তৃণমূল সমর্থকও ফিরছিল। সেই সময় তৃণমূল সমর্থকদের তরফে স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেয় আমাদের কর্মীরাও। আমি সবাইকে শান্ত থাকতে বলি। পুলিশের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথাও বলি। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি, বরং আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়।
তিনি আরো বলেন,”বেশ কিছুক্ষণ পর যখন আমরা ফিরছি তখন তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তারাই হামলা চালায় আমার গাড়িতে। দুটি বোমা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। উত্তরবঙ্গে বিজেপির ক্ষমতা রয়েছে বলেই ওরা অশান্তি বাধানোর চেষ্টা করছে। আর পুলিশে ওদের সাহায্য করছে। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।”
সম্পূর্ণ ঘটনা নিজের ফেসবুক পেজের লাইভ করেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
https://www.facebook.com/dilipghoshbjp/videos/2853228654943297/
https://www.facebook.com/dilipghoshbjp/videos/290607039307819/

