আমতায় বিজেপি কর্মীদের ওপর হামলা, আহত ৪, আশঙ্কাজনক ২

আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: আমতা বিধানসভার বাইনান অঞ্চলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় চার জন বিজেপি কর্মী আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী এই হামলা চালিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনে অবস্থা আশঙ্কাজনক।

বিজেপির অভিযোগ, আজ দুপুরে আমতার বাইনানে চার জন বিজেপির কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। তাঁদের দাবি, বাইবান অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান জিয়াউর রহমানের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে তারা। তাদের ব্যাপক মারধর করে। ঘটনায় আহত হন চার বিজেপি কর্মী। আহতরা হলেন, মন্টু মান্না, প্রিয়রঞ্জন পাঁজা, প্রদীপ বর এবং লাল্টু আদক। আহতদের প্রথমে বাগনান হাসপাতালে ভর্তি করা হয়। দুজনে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আমতা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আহতদের তাদের পাশে থাকার বার্তা দেন। দেবতনুবাবু বলেন, “ভোটের দিন যত এগিয়ে আসছে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের দিনও তত ঘনিয়ে আসছে। তাই তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। এলাকার সন্ত্রাস তৈরি করে মানুষকে ভয় দেখানো, বিজেপি কর্মীদের বাড়ি আক্রমণ, বিজেপির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া তাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। তুবুও বিজেপিকে আটকে রাখা যাবে না ভেবে এখন তারা বিজেপির কর্মীদের উপর আক্রমণ শুরু করছে।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *