আমাদের ভারত, বর্ধমাব, ২২ অক্টোবর: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা। বিজেপির অভিযোগ, বুধবার বিকেল নাগাদ তাদের মিছিল শুরুর মুখে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিজেপির দুই দলের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। যদিও পুলিশ লাঠিচার্জের কথা অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে কৃষি বিলের সমর্থনে মিছিল বের করার সময় পূর্বস্থলী থানার মাঠ সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর লাঠি রড বাঁশ নিয়ে মিছিলের উপর হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী। ঘটনায় সাত জন আহত হয়েছেন। আহতদের পূর্বস্থলী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে সরিয়ে দেয়। যদিও পুলিশ জানিয়েছে লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি।

বিজেপির অভিযোগ, কৃষি আইনের সমর্থনে মিছিল করার সময় তৃণমূল কংগ্রেসের ইন্ধনে তাদের উপর লাঠি বাঁশ নিয়ে হামলা করা হয়। তাদের মাটিতে ফেলে পেটানো হয়। ঘটনায় দলের রাজ্য তপশিলি মোর্চার সদস্য বিপুল দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
তৃণমূল কংগ্রেসের দাবি, পূর্বস্থলী থানার পাশে ৩৯ নং জেডপির একটা দলীয় কার্যালয় আছে। সেই কার্যালয় দখল নেওয়াকে কেন্দ্র করেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যেই লাঠি বাঁশ নিয়ে তারা মারামারি করে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।
বিজেপি নেতা বিপুল দাস বলেন, তৃণমূল কংগ্রেসের নির্দেশেই তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে। আমায় মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়।

