আমাদের ভারত জয়নগর,১৩ মার্চ: বিজেপির উত্তরপ্রদেশের পর্যবেক্ষক সহ ৫ জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোল্লারচক গ্রামে। ঘটনার খবর পেয়ে বকুলতলা থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। বর্তমানে আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা জয়নগরের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের তীর বিজেপির। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল বিকালে জয়নগর ২ ব্লকের মণ্ডল কমিটির সংখ্যালঘু সদস্য আমিনুদ্দিন শেখের বাড়িতে উত্তরপ্রদেশ থেকে আসা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কেদারনাথ সিং সহ জেলা কমিটির নেতৃত্ব বুথ কমিটির বৈঠক করেন। অভিযোগ, আলোচনা চলাকালীন কয়েকশো তৃণমূল কর্মী বাড়ি ঘিরে ফেলে নেতা কর্মীদের মারধর করে। লাঠি, রড, শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। ঘটনায় গুরুতর জখম হন পাঁচ বিজেপি নেতা ও কর্মী।
যদিও এই হামলার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা তাঁদের দাবি বিজেপির লোকেরা বাইক বাহিনী নিয়ে এসে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন। এর প্রতিবাদ করে গ্রামের মানুষজন। এর জেরে গ্রামের কয়েকজনকে মারধরও করা হয়।
খবর পেয়ে দ্রুত বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

