আমাদের ভারত, কোচবিহার, ২ আগস্ট: কোচবিহারের রাজনৈতিক হিংসা অব্যাহত। শীতলকুচি বিধানসভার গোপালপুর এলাকায় দলীয় বৈঠক চলাকালীন বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
জানাগেছে, আজ গোপালপুর এলাকায় একটি কর্মী সভায় উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের। অভিযোগ বিধায়ক আসার আগেই সেখানে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। এমনকি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এরপর বিজেপি কর্মীরা বুথ সভাপতি জয়ন্ত বর্মন এর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয় ভাঙ্গচুর করা হয় বাড়ির একাংশ। বিজেপির বুথ সভাপতির দাবি, বাড়ি লক্ষ্য করে দু রাউন্ড গুলিও চালানো হয়।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়ন্ত বর্মন অভিযোগ করেন “বিধায়ক আসার আগেই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, আমাকে হুমকি দেওয়া হয়।” যদি অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি বর্মনের দাবি, শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন বাংলা ভাগের চক্রান্ত করতে মিটিং করছেন, তাই তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে। কোথাও কোনো রকম হামলার ঘটনা ঘটেনি। উল্টে বিজেপি কর্মীরা আমাদের কর্মীর দিকে তির ছুড়েছে।’

