কংগ্রেস কর্মীর উপর হামলার ঘটনায় উত্তেজনা রায়গঞ্জে, অভিযোগ তৃণমূলের দিকে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: কংগ্রেস কর্মীর উপর পিস্তল নিয়ে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ালো রায়গঞ্জে। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি সক্রিয় কংগ্রেস কর্মী কার্ত্তিক রানা। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিধাননগর এলাকায়।

ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুন চন্দ্র চন্দ। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।

আগামী জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে রায়গঞ্জ পুরবোর্ডের মেয়াদ। ২০২৩ সালের পুরভোট নিয়ে এখন থেকেই সরগরম রায়গঞ্জ শহরের রাজনীতি। পুনর্বিন্যাসের জেরে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডটি মহিলা ওয়ার্ড হিসেবে সংরক্ষিত হয়েছে। এই ওয়ার্ডের প্রভাবশালী কংগ্রেস কর্মী কার্ত্তিক রানার স্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিতেই এলাকার তৃণমূল নেতা আদেশ মাহাতোর নেতৃত্বে বিজয় দাস এবং বাবুয়া সাহা সহ তৃণমূলের বাহিনীরা কার্ত্তিক রানার উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় কংগ্রেস নেতা শৌভিক রায় জানিয়েছেন, বিগত পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও ভোট লুঠ করে ক্ষমতায় এসেছিল। তারা রায়গঞ্জ শহরবাসীর আস্থা হারিয়েছে। আর সেই কারণেই পুরভোটের আগে থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে তৃণমূল। পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় কংগ্রেস নেতা এবং অন্যতম সংগঠক কার্ত্তিক রানার উপর হামলা চালিয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতোর নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী। যদিও ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ জানিয়েছেন, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করবে। তিনি আক্রান্ত ব্যক্তির পাশে এসে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *