কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার পরমাণু বোমা তৈরীর উপকরণ ক্যালিফোর্নিয়াম, ধৃত ২

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৬ আগস্ট: গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার হল পরমাণু বোমা তৈরীর উপকরণ হিসেবে পরিচিত অত্যন্ত মূল্যবান পাথর। পরমাণু খনিজ এই পাথরের আনুমানিক বাজার দর ৪ হাজার কোটি টাকারও বেশি বলে অনুমান করছে বিশেষজ্ঞরা। পরমাণু বোমা তৈরির এই অন্যতম উপকরণ ক্যালিফোর্নিয়াম। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের কাছ থেকে আড়াইশো গ্রামেরও বেশি এই ধাতব পদার্থ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গোয়েন্দাদের সন্দেহ, সেই ধাতব পদার্থটি তেজস্ক্রিয় মৌল ‘ক্যালিফোর্নিয়াম’। পর্যায়সারণীতে যার পরিচয় সিএফ বলে। এর একটি আইসোটোপ ক্যালিফোর্নিয়াম-২৫২ (সিএফ-২৫২) পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা হয় বলে জানা গেছে।

রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে এর এক গ্রামের দাম প্রায় ১৭০ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে মোট চারটি ধাতব টুকরো উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ‘ক্যালিফোর্নিয়াম’ ছাড়াও, আরেকটি তেজস্ক্রিয় পদার্থ ‘ইরিডিয়াম’ও রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। এ ব্যাপারে নিশ্চিত হতে ধাতব টুকরোগুলিকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর চত্বরে ওঁত্ পেতে ছিল সিআইডি। খবর ছিল মূল্যবান ধাতু পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতেই ধরা হয় হুগলির ২ বাসিন্দাকে। এদের একজনের বাড়ি সিঙ্গুরে, অন্যজনের বাড়ি পোলবায় বলে জানা গেছে। ধৃতদের নাম শৈলেন কর্মকার এবং অসিত ঘোষ। বৃহস্পতিবার তাঁদের বারাকপুর আদালতে তোলা হবে।

সূত্রের খবর, জেরার মুখে ধৃত দু’জনে স্বীকার করেছে যে, কর্ণাটক থেকে পদার্থগুলি নিয়ে এসেছিল তারা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সেখানকার এক বাসিন্দার সঙ্গে তাদের পরিচয় হয়। সেই ব্যক্তিই এগুলি অভিযুক্তদের হাতে তুলে দেয় বলে জেরায় জানিয়েছেন অভিযুক্তরা। মোট ২৫০.৫ গ্রাম ওজনের চারটি টুকরোয় ‘ক্যালিফোর্নিয়াম’ এবং ‘ইরিডিয়াম’ রয়েছে বলেই তাঁদের জানানো হয়েছিল। ওই ব্যক্তি আরও বলেছিলেন, বাজারে এর দাম কয়েক কোটি টাকা। তাই খরিদ্দারের খোঁজে ছিলেন দু’জন।

বৃহস্পতিবার এই ধৃত ব্যক্তিদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। এই পাচারের পেছনে আর কে বা কারা জড়িত তা খুঁজে বের করবার জন্য ধৃতদের পুলিশি হেফাজত চাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *