আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৩ এপ্রিল: জলপাইগুড়ি জেলা থেকে উদ্ধার হওয়া অসুস্থ ২১টি শকুনকে পুরোপুরি সুস্থ করে মুক্ত করা হল। মঙ্গলবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট দমনপুর রেঞ্জ থেকে হিমালয়ান গ্রিফন প্রজাতির এই শকুনদের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেকটার বুদ্ধরাজ শেওয়া, আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ বনদফতরের অনান্য আধিকারিকদের উপস্থিতিতে খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়।
জানাগেছে, গত ২৭ মার্চ জলপাইগুড়ি জেলা থেকে অত্যন্ত গুরুতর অবস্থায় উদ্ধার হয় এই ২১টি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন। বনদফতরের আধিকারিকরা সবকটি পাখিকেই জলপাইগুড়ি থেকে চিকিৎসার জন্য বক্সার রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে বনদফতর এবং বিএনএইচএসের চিকিৎসক এবং কর্মীদের তত্ত্ববধানে চিকিৎসা শুরু হয় তাদের। ধীরে ধীরে পাখিগুলো চিকিৎসাতে সাড়া দেয়।

উল্লেখ্য, হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন গত দশকগুলিতে সমাজ থেকে প্রায় ৯০শতাংশের বেশি হারিয়ে গেছে। এদিকে মঙ্গলবার শকুনগুলিকে সুস্থ করে ইস্ট দমনপুরের জঙ্গলে নিয়ে আসা হয়। সেখান থেকেই সবকটি পাখিকে সফলভাবে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিল্ড ডিরেকটার বুদ্ধরাজ শেওয়া। উল্লেখ্য, আগেও বেশ কয়েকবার বিভিন্ন প্রজাতির শকুনকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হলেও একসাথে এতগুলো বিলুপ্তপ্রায় শকুনকে সুস্থ করে ছেড়ে দেবার নজির বনদফতরের বইতে নেই।

