সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ডিসেম্বর: বৃদ্ধাশ্রমের অসহায় মানুষের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছিল পরিবার। এবারে বড়দিন উপলক্ষ্যে বনগাঁ শহরের রাস্তায় এবং বনগাঁ স্টেশনে যে সমস্ত ভবঘুরেরা রয়েছেন তাদের হাতে বড়দিনের উপহার হিসেবে কম্বল ও কেক তুলে দিলেন বনগাঁর
শক্তিগড়ের বাসিন্দা স্বপ্না সাহা মণ্ডল।
শুক্রবার রাত ১২ টার পরেই ছেলেকে সঙ্গে নিয়ে বনগাঁ স্টেশনে পৌছে যান ছেলে ও মা। এরপর একে একে ভবঘুরেদের ঘুম থেকে তুলে গায়ে কম্বল ও কেক খাইয়ে দেয় ছেলে ও মা। যদিও স্বপ্নাদেবী এর আগেও প্রচুর সমাজবেবার কাজ করেছেন।
খ্রিষ্টধর্মের প্রধান উৎসব ক্রিসমাস ডে’তে খ্রিস্ট
ধর্মাবলম্বী মানুষ ছাড়াও উৎসবে মেতে ওঠেন উৎসব প্রিয় সকল বাঙালি। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই বড়দিনের উৎসব অন্যতম। ছেলের আবদার মেটাতে ভবঘুরেদের কম্বল ও কেক বিতরণের সিদ্ধান্ত নিয়েছিল স্বপ্না সাহা মণ্ডল ও তার পরিবার। ৬ বছরের ক্ষুদে নবাংশুর আবদার ছিল বড়দিন আমরা কেক কেটে উদযাপন করি এবং উৎসবে মেতে উঠি। কিন্তু যে সমস্ত ভবঘুরেরা রাস্তায় থাকেন তারা এই উৎসবের আনন্দ বুঝতে পারেন না। তাদের সাথে বড়দিনের উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই আমি। ছেলের আবদার মতই সিদ্ধান্ত নিয়ে ফেলেন বড়দিনের আগের রাতে ভবঘুরেদের মধ্যে কম্বল বিতরণ করবেন স্বপ্না সাহা মণ্ডল ও কার্তিক সাহা। শীতে যাতে ভবঘুরেরা কষ্ট না পান তাদের সেই শীতের কষ্ট কিছুটা নিবারণ করতে তাদেরকে কম্বল উপহার দেন তারা।

এ বিষয়ে স্বপ্ন সাহা মন্ডল বলেন, ছেলের আবদার পূরণ করতেই এই উদ্যোগ। এছাড়া আজকের দিন টাই সকলেই কেক বা নতুন উপহার পেলে খুশি হয়। তাই আজকের দিন টা ওই সব অসহায় মানুষের সঙ্গে কাটিয়ে খুব ভালই লাগছে।

