অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি: নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ‘নয়াগ্ৰাম সবুজ উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দাবিদাওয়া নিয়ে আন্দোলনকারীদের আলোচনায় বসার বার্তা দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, যারা রাস্তায় আছেন তাদের উদ্যেশ্যে বলতে চাই, সমস্যা থাকলে আলোচনায় আসুন। এমনকি আপনারা কলকাতায় এলে আমি আলোচনায় বসতে রাজি।
উল্লেখ্য, পৃথক সাঁওতালি ভাষা শিক্ষা বোর্ড গঠন সহ একাধিক দাবিতে গত বুধবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার পথ অবরোধের ডাক দেয় আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। বিশেষ করে এদিনের অবরোধে ভালো প্রভাব পড়ে ঝাড়গ্ৰাম জেলায়। সাঁওতাল সম্প্রদায়ের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুক্রবার নয়াগ্ৰামে এসে এরকমই আলোচনার প্রস্তাব দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
জানা গেছে, স্থানীয় কৃষি ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উদ্বোধন হয় নয়াগ্ৰাম সবুজ উৎসবের।খড়িকামাথানী নেতাজী ময়দানে ফিতে কেটে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। শিক্ষা মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জি, বিধায়ক দুলাল মুর্মু, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্ৰামের জেলাশাসক সুনীল আগরওয়াল, নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গত দুদিন আগে জঙ্গলমহল জুড়ে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের আন্দোলনের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, সাঁওতালি ভাষার প্রতি সবথেকে বেশি মান্যতা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং প্রতিশ্রুতি দেন আদিবাসীদের দাবি সবই পূরণ করা হয়েছে এবং হবে।

