আমাদের ভারত, ৩১ অক্টোবর: ছট ও বিভিন্ন পুজোয় রবিবারের মত সোমবারও প্রত্যক্ষভাবে অংশ নিলেন ও নিচ্ছেন রাজ্য বিজেপি-র নেতা-কর্মীদের একাংশ। পশ্চিম বর্ধমানের বার্নপুরে দামোদরের ভূতনাথ ঘাটে ছট পুজোয় সামিল হন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আজ ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি পৌঁছে যান ঘাটে। পুণ্যার্থীদের সঙ্গেই উপাচার সহ ছট পুজো করেন। এদিন বিকেলে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ খিদিরপুরে হুগলি জুট মিলের (রিভার কলোনি ঘাটে) কাছে ছট পুজো সেবা শিবিরের উদ্বোধন করেন।
বিকেলে হাওড়ায় ডোমজুড় থানার বিপরীতে ভারত মাতা সঙ্ঘে ভারত মাতার পুজোয় অংশ নেবেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি এ দিন সন্ধ্যায় সুকান্তবাবু চন্দননগরে ৬ নম্বর ওয়ার্ডে বিন্দুবাসিনীপাড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকেলে পুরুলিয়ার সরকারপাড়ায় এবং সন্ধ্যায় দুর্গাপুরের স্বপন উড়ানে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন।
এদিকে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন ঘাটে ছটপুজো কেমন চলছে, লঞ্চে তা ঘুরে দেখলেন তৃণমূল নেতা ও সাংসদ অর্জুন সিং। সোমবার সকালে জগদ্দলের ফেরিঘাট থেকে তিনি ভাটপাড়া পর্যন্ত লঞ্চে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন।

