সুন্দরবনে একটি বেসরকারি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে এসে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করলেন রাজ্যপাল

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ ফেব্রুয়ারি: শুক্রবার সস্ত্রীক দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের অন্তর্গত হলডর টপসো এডুকেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যপাল। এখানে তাঁকে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। সুন্দরবনে পড়াশোনার মান উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের জন্য এদিন ১১ লক্ষ টাকা দানের কথা ঘোষণাও করেন রাজ্যপাল। পাশাপাশি এদিনও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নাম না করে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মী যারা নিজেদের সরকারি কর্মীর পরিবর্তে রাজনৈতিক কর্মী হিসেবে মনে করছেন তাঁদেরকে কটাক্ষ করেন রাজ্যপাল।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, “রাজনীতি নিয়ে আমার কোন লেনদেন নেই। আমি শুধু এইটুকু জানি প্রতিটি মানুষ নিজের নিজের সীমায় থেকে কাজ করুক। যারা সরকারি চাকরি পেয়েছেন, তাঁরা নিজের যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন। তাঁরা মানুষের জন্য কাজ করবেন। তাঁদের রাজনৈতিক দলের জন্য কাজ করা উচিৎ নয়। সংবিধান মেনেই সরকারি কর্মীদের কাজ করার জন্য অনুরোধ করবো। না হলে তাঁদেরকেই সমস্যায় পড়তে হবে।” এছাড়া তিনি আরও বলেন,
“এই রাজ্যের মানুষকে রক্ষা করার দায়িত্ব আমার। কিছু মানুষ আইনকে পকেটে নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছেন। আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, কেউ ভয় দেখালে আমাকে জানান। আমি আপনাদের রক্ষা করবো।” এই পশ্চিমবাংলা সোনার বাংলা হবে যদি সকলে সকলের কাজটা ঠিকমতো করেন। পাশাপাশি আমফান দুর্নীতি নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *