সপ্তাহের শেষে পারদ নামবে বেশ খানিকটা, তাহলে পাকাপাকি শীত কবে থেকে?

আমাদের ভারত, ১১ নভেম্বর: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াও প্রবেশ করতে শুরু করেছে। সপ্তাহের শেষে নামতে শুরু করবে পারদ। টান ধরেছে ত্বকেও। তাহলে কি শীত পড়ে গেল?

আগামী পাঁচদিন উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে তবে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। শুক্রবার দুপুর থেকে কলকাতা সহ শহরতলীর আকাশ আংশিক মেঘলা। যদিও নভেম্বরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শীত পড়ার সম্ভাবনা খুব একটা থাকে না। তবে শিরশিরানি অনুভূত হতে থাকে ভোরের দিকে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। আগামী রবিবার থেকে কলকাতার রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। যেহেতু উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে, হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার থেকে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। এমনকি আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা‌ ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

তবে রাতের তাপমাত্রা নামলেও দিনের তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পারদ নামলেও শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। দক্ষিণবঙ্গে সাধারণত শীত পড়তে পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। রাতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তবেই তাকে শীত পড়েছে বলে বলা হয়। ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে এরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরবর্তী এক মাস এরকম চলে। ১৫ই জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমের দিকে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *