রাজেন রায়, কলকাতা, ১৭ এপ্রিল: একদিকে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়কে বোমা ছোড়ার অভিযোগ। তার মধ্যেই শনিবার পঞ্চম দফার ভোট শেষ পর্বে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে তাঁর। সারাদিন রোদে না খেয়ে ঘোরার জন্য এই সমস্যা হয়ে থাকতে পারে বলে দাবি কর্মীদের।
কামারহাটি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে হালকা মেজাজে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে এসেছে বিজেপি। তবে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই চলছিল ভোট। কিন্তু আচমকাই মদন মিত্র অসুস্থ হয়ে পড়ায় বেড়ে যায় বিপদ। শ্বাসকষ্টের সমস্যায় মদনকে নিয়ে চিন্তায় তৃণমূল কর্মী সমর্থকরা। আপাতত পার্টি অফিসে নিয়ে গিয়ে মদনবাবুকে অক্সিজেন দেওয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
এদিন সকালেই দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে মদন মিত্র বলেন, ‘সবার ওপরে রয়েছে মা। মায়ের শক্তি দিয়ে প্রমাণ করে দেব, ক্ষমতায় আসছি আমরাই।’ এরপর তিনি কামারহাটির ১২ নং বুথে যান। অভিযোগ, সেখানে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর কাছে পরিচয় পত্র দেখতে চান বাহিনীর জওয়ানরা। তিনি নিজেকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলে পরিচয় দেন। তখনই তাঁর বুক পকেটে কী আছে জানতে চান জওয়ানরা। মদনবাবু উত্তর দেন, ‘বুক পকেটে অ্যাটম বোম!’ এরপর তাঁর বুক পকেটে হাত ঢোকান কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান বলে অভিযোগ প্রার্থীর। সেই নিয়ে সাময়িক ঝামেলা হলে পরে তা মিটে যায়।

