মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘাটালের বিভিন্ন নদী বাঁধ পরিদর্শন করেলেন

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শন করে যাওয়ার পরের দিনই ঘাটালে বন্যা নিয়ন্ত্রণের জন্য সার্বিক রূপরেখা তৈরির উদ্যোগ নিলেন। বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিভিন্ন নদী বাঁধ পরিদর্শন করলেন। পরবর্তীকালে বন্যা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং সংশ্লিষ্ট বিষয় সার্বিক উন্নয়নের দিকটিও তারা খতিয়ে দেখেন।

ওই প্রতিনিধিদলে ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র, চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চট্টোপাধ্যায়, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার জগদীশ ভৌমিক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার সিং, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা। প্রথম পর্যায়ের পর্যবেক্ষণের পরে ওই আধিকারিকরা ঘাটাল টাউন হলে উচ্চপর্যায়ের মিটিং করেন, ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই এবং অন্যান্য আধিকারিক সহ সেচ দপ্তরের আধিকারিকরা।
ওই প্রতিনিধিদলের আধিকারিকরা ঘাটাল এবং দাসপুরের বিভিন্ন বাঁধ ঘুরে দেখেন।

দ্বিতীয় পর্যায়ে রূপনারায়ণ নদ এবং পাশাপাশি স্থান পর্যবেক্ষণ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
ঘাটালে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া নিয়ে দীর্ঘ কয়েক দশক টালবাহানা এবং কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক দোষারোপ চলছে।

মুখ্যমন্ত্রীর ঘাটালে বন্যা পরিদর্শনের পরের দিনই এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পর্যবেক্ষণ করা, ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ওই প্রতিনিধি দল জানান, উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে পরিকল্পনা সাজানো যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায় তার আমরা গভীরে যাবো। খানাকুল কিভাবে প্রভাবিত হয়েছে তা আমরা দেখেছি এবং চেতুয়া সার্কিট বাঁধ, পর্যবেক্ষণ করেছি। এই প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে সার্বিক রিপোর্ট জমা দেবে এবং পরবর্তী পদক্ষেপ তার ভিত্তিতে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *