স্বরূপ দত্ত, আমাদের ভারত উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: বছরের শুরুতেই চুরি রাধিকাপুর এক্সপ্রেসে। চুরি গেল এক যাত্রীর ব্যাগপত্র সহ সর্বস্ব।
জানা গিয়েছে ওই যাত্রীর নাম চিরঞ্জীব চৌধুরী। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে কলকাতা থেকে রায়গঞ্জের বাড়িতে ফিরছিলেন। ফারাক্কা পার করার পর মালদায় যখন ট্রেন ঢোকে তখন এক যাত্রী তার স্ত্রীর ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপর ট্রেন ছাড়লে বিষয়টি নজরে পড়ে তাদের। কিন্তু ততক্ষণে ব্যাগ নিয়ে পগারপার দুষ্কৃতী৷
চিরঞ্জীব বাবুর অভিযোগ, ট্রেনে কোনও কামড়াতেই আরপিএফের দেখা মেলেনি। সামসি স্টেশনে অভিযোগ দায়ের করার কথা থাকলেও সেখানেও আরপিএফের কোনও জওয়ানকে তারা দেখতে পাননি। পরে অনলাইনে একটি অভিযোগ দায়ের করেন তিনি। চিরঞ্জীববাবু আরও জানিয়েছেন, ওই ব্যাগের মধ্যে তাদের আধার কার্ড, প্যান কার্ড সহ যাবতীয় নথিপত্র ছাড়াও নগদ টাকা এবং বাড়ির চাবিও ছিল৷

বছরের শুরুতে এমন অনভিপ্রেত ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষোভ ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্যে। কেন বারবার রাধিকাপুর এক্সপ্রেসের মতন ট্রেনে চুরির ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য যখন রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি ফারাক্কার দিকে ঢোকে ঠিক সেই সময় যাত্রী সেজে অনেকেই সংরক্ষিত কামরায় উঠে পড়ে৷ সুযোগ বুঝে যাত্রীদের মালপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা৷ এর আগেও ফারাক্কা এলাকায় ট্রেনের এক যাত্রীর জিনিসপত্র চুরি যায়। তারপরেও নিরাপত্তা ঢিলেঢালা বলে অভিযোগ। সবমিলিয়ে প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা।

