আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: ভোট শুরু হতে না হতেই শালবনিতে আক্রান্ত হলেন সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং তাঁর গাড়ি ভাঙ্গচুর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সুশান্ত ঘোষের অভিযোগ, সকালে তিনি জানতে পারেন শালবনির গুঁইয়াদহ এলাকায় তাঁদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না। এই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। সাংবাদিকদের বলেন, তাঁর এজেন্টদের ভয় দেখিয়ে বুথে বসতে দেওয়া হচ্ছে না। বাধ্যহয়ে অন্যজায়গা থেকে লোক এনে বুথে বসানো হচ্ছে। সেই সময় একদল তৃণমূল সমর্থক তাঁর দিকে এগিয়ে আসে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। উপস্থিত পুলিশকর্মীরা সুশান্তবাবুকে কোনও রকমে সরিয়ে গাড়িতে তুলে দেন।
এরপর তাঁর গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। সুশান্ত ঘোষের গাড়িতে চড় থাপ্পড় মারতে থাকে। সুশান্তবাবুর অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে এবং তাঁর গাড়ি ভাঙ্গচুর করা হয়। এমনকি গাড়ি চলতে শুরু করলে তার পিছু ধাওয়া করেন তৃণমূল কর্মীরা। তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে কোনওরকমে রক্ষা পান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেখুন ভিডিও….

