মনসা পুজোয় বাঁকুড়াজুড়ে ডিজে’র দাপট, ওষ্ঠাগত প্রাণ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। শ্রাবণ সংক্রান্তিতে বাঁকুড়া জেলাজুড়ে মনসা পূজার প্রচলন রয়েছে। শহরের প্রাচীন মহল্লাগুলিতে ভক্তি সহকারে পুজোয় মাতেন আবালবৃদ্ধ বনিতা। সেই পুজো এখন উৎসবে পরিণত, আনন্দ হুল্লোড়ে মেতে ওঠে যুব সম্প্রদায়।

ইদানিং শুরু হয়েছে ডিজে মাইকের উৎপাত। মনসা পুজোর দিন সন্ধ্যায় প্রতিটি পুজো মন্দির থেকে শোভাযাত্রা সহকারে ঘট স্হানীয় ভাষায় মনসার বারি আনা হয়। সেই শোভাযাত্রায় একসাথে কুড়ি থেকে ২৫টি ডিজে বক্স ও মাইকের চোঙা বেধে চলে উদ্দাম নৃত্য। একসাথে এতগুলো ডিজে বক্সের শব্দে কানপাতা দায় হয়ে পড়ে। অসুস্থ রোগীদের তো বটেই সাধারণ মানুষের প্রাণান্তকর অবস্থা হয়।পুলিশের পদস্থ আধিকারিকদের সামনেই চলে এই বেপরোয়া কাজ। সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায়।

ক্ষোভের আঁচ পেয়ে পুলিশ প্রশাসন সমস্ত পুজো
কমিটির সাথে বৈঠক করে মাইক ডিজে বন্ধ রাখার নির্দেশ জানিয়ে দেয়। কিন্তু বেশ কিছু পুজো কমিটি ডিজে মাইক বাজানোর উদ্যোগ নিয়েছে বলে শোনা যাচ্ছে। এখন ডিজে মাইক বন্ধে পুলিশের ভূমিকার দিকেই তাকিয়ে বাঁকুড়াবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *