উধাও ট্রাফিক পুলিশ! দীর্ঘ যানজট বালুরঘাটে, ক্ষোভ উগড়ে বাসিন্দারাই হাত লাগালেন ট্রাফিক ব্যবস্থা সামলাতে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ নভেম্বর: বোল্লা পুজোর অছিলায় শহর থেকে উধাও ট্রাফিক, দেখা নেই সিভিক ভলান্টিয়ারদের। বুধবার সকাল থেকে এই ঘটনার জেরে তীব্র যানজটে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। স্কুল ও অফিস টাইমে দীর্ঘ যানজটে আটকে বেহাল ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দেন পথচলতি মানুষ। যাকে ঘিরে কার্যত উত্তেজনার সৃষ্টি হয় শহরের কলেজ মোড় এলাকায়।

দীর্ঘ একঘন্টার তীব্র যানজটে কার্যত থমকে যায় সাধারণ মানুষের চলাচল। খোদ পুরসভার সামনে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের দেখা না মেলায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের অভিযোগ, শহরের বাইরে ও ভেতরে নিয়ম করে বাইক গাড়ি ধরে মোটা টাকা ফাইনের জন্য গাদাগাদা ট্রাফিক ও সিভিককে দেখা গেলেও যানজট সামলাতে কাউকেই দেখা যায়নি। যদিও দীর্ঘক্ষণ পর বাসিন্দাদের একাংশ নিজেরাই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে যানজট মুক্ত করেন এলাকা।

রাস্তার যানজটে দীর্ঘক্ষণ থাকা দুই বাসিন্দা পুলক সরকার ও কৃষ্ণ রায়রা বলেন, শহরজুড়ে বেহাল ট্রাফিক ব্যবস্থা। কোথাও দেখাই মিলছে না ট্রাফিক পুলিশের। অফিস টাইমে রাস্তায় সিভিক বা ট্রাফিক না থাকায় দীর্ঘ একঘন্টা ধরে তীব্র যানজটে আটকে তাদের নাভিশ্বাস উঠবার জোগাড় হয়েছে। শহরজুড়ে এধরণের ট্রাফিক অব্যবস্থার বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *