বনগাঁয় জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ধৃত ১

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ অক্টোবর: বন্ধুর জন্মদিনের পার্টিতে জোর করে মদ খাইয়ে গণ ধর্ষণ এক যুবতীকে। পার্টির খাওয়া দাওয়ার শেষে স্থানীয় আমবাগানে তুলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে তিন যুবক। অচৈতন্য অবস্থায় যুবতীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে তার পরিজনেরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ভরতপুর কালীতলা এলাকায়। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি দুজন পলাতক।

পুলিশ ও পরিবার সূত্রের খবর, আক্রান্ত যুবতী বনগাঁর ভরতপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় বিউটিশিয়ান। মা ও যুবতী বনগাঁর গোবরাপুর এলাকায় বর্তমানে ভাড়া থাকেন। লক্ষ্মী পুজোর মেলা উপলক্ষ্যে ওই যুবতী মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার রাতে ভরতপুরে বন্ধু সুদীপ বিশ্বাসের জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে। সেই পার্টিতে সুদীপের তিন বন্ধু শোভন রায়, দেবব্রত রায় ও সুজিত বিশ্বাসও উপস্থিত ছিল। অভিযোগ, সেই পার্টিতে জোর করে মদ খাওয়ানো হয় যুবতীকে। এরপর যুবতী বেহুঁশ হয়ে পড়ে। সেই সময় তাঁকে অভিযুক্ত শোভন, দেবব্রত ও সুজিত বাড়ি দিয়ে আসার নাম করে জন্মদিনের পার্টি থেকে তুলে নিয়ে যায়। এরপর পাশেই অন্ধকার আম বাগানের একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাঁকে নগ্ন করে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় ঘণ্টা খানেক ধরে তাঁর উপরে অত্যাচার চালায় তিন যুবক। অন্যান্য বন্ধুরা তাঁর খোঁজ করতে গিয়ে দেখে সে অচৈতান্য অবস্থায় বাগানের একটি ঘরে পড়ে আছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর পুলিশে খবর দেয় যুবতীর আত্মীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে দেবব্রতর মোবাইল ফোন। সেই সূত্র ধরে রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আরও দুই অভিযুক্তের সন্ধান চালচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *