স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ জুলাই: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রীবাহী বেসরকারি বাস। মৃত ১ জন, আহত কমপক্ষে ২০ জন। বুধবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারাই আহত বাস যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কলকাতা থেকে একটি বেসরকারি বাস অসমের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সকালে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে থাকা একটি হাস্কিং মিলের ফ্যাক্টরির ভেতরে ঢুকে উল্টে যায়।

এই দুর্ঘটনায় বাসে থাকা ৭০ জন যাত্রীর মধ্যে ১ জন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন ২০ জন। বাসটিতে বেশকিছু বাংলাদেশী যাত্রীও ছিলেন বলেন জানা গিয়েছে। তবে রাস্তার ধারে থাকা ফ্যাক্টরিতে লোক না থাকায় সেখানকার কেউই হতাহত হয়নি। দুর্ঘটনার পরই রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশও উদ্ধারকাজে হাত লাগায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

