আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি:
উত্তর ২৪ পরগনার বরানগর পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের ন’পাড়ায় ক্ষুদিরাম বসুর মূর্তিতে আলকাতরা লাগিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। কেউ বা কারা শহিদ ক্ষুদিরাম বসুর আবক্ষমূর্তি কালিমালিপ্ত করেছে।
বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ন’পাড়া শহর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পিছনে বিজেপির কর্মীরা দায়ী। যদিও বিজেপির তরফ থেকে এই ঘটনাটি অস্বীকার করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা বিজয় মাহাতো জানিয়েছে, “এইরকম অপসংস্কৃতি বিজেপির নয়, আমরা প্রশাসনকে অনুরোধ করছি সঠিক তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, সেই দোষীদের গ্রেফতার করে শাস্তি দিক। এই ঘটনায় বারানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পক্ষ থেকে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা গেছে। বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন পাল বলেন, “২০১৩ সালে সাংসদ সৌগত রায় এই মূর্তির উদ্বোধন করেছিলেন। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনের মূর্তি স্থাপন অনুষ্ঠানে। এই প্রথম এরকম ঘটনা ঘটল। পুলিশকে বলব, যারা দোষী তাদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। বাংলায় অপসংস্কৃতি কিছুতেই আমরা সহ্য করব না।” বরানগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

