সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: কারোনার প্রভাব কমতেই স্কুল পড়ুয়াদের নিয়ে ৪০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল এশিয়ার প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র। আজ জেলা বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের ‘জনপ্রিয় বক্তৃতা’ শীর্ষক অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের ইতিহাস এবং গড়ার কথা তুলে ধরেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার বিভাগীয় প্রধান সুব্রত রাহা ও বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায়।

১৯৮২ সালে আজকের দিনে সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের পরিচালিত পুরুলিয়ায় ‘জেলা বিজ্ঞান কেন্দ্র’ প্রতিষ্ঠা হয়েছে। ওই দিনই তৎকালীন রাজ্যপাল বিডি পান্ডে এই বিজ্ঞান সংগ্রহশালার উদ্বোধন করেন। এক একর বিশিষ্ট এই বিজ্ঞান কেন্দ্রে একটি সায়েন্স পার্ক ছাড়াও তিনটি গ্যালারি রয়েছে। রয়েছে সাহেব বাঁধের পক্ষী নিরীক্ষণ কেন্দ্র। পুরুলিয়ার সম্পদ, জনপ্রিয় বিজ্ঞান এবং চিলড্রেন গ্যালারি ও ডাইনোসর পার্ক রয়েছে। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দিগন্ত খুলে দেয় দেশের ৩৬ তম “ইনোভেশন হাব” বা উদ্ভাবনী কেন্দ্র। ইনোভেশন হাব প্রতিষ্ঠার পর থেকে ভিন্ন জেলা এমনকি অন্য রাজ্য থেকেও ছাত্র-ছাত্রীরা শিক্ষা ভ্রমণে এই বিজ্ঞান কেন্দ্রে আসে। প্রতিষ্ঠার পর থেকে এক একটি বিষয়ের গ্যালারি সংযোজিত হওয়ায় পুরুলিয়াবাসীর কাছে জেলা বিজ্ঞান কেন্দ্র গর্বের স্থান হয়ে গিয়েছে।

