আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর: সমাবর্তনে ‘রোব’ পড়ার যৌক্তিকতা নিয়ে আচার্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে। কিন্তু বিশিষ্ট বিজ্ঞানী তথা গবেষক-শিক্ষাবিদ, উপাচার্য ডঃ আশুতোষ ঘোষ এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রাজ্যপালের ভাবনার সঙ্গে অনেকটাই সহমত পোষণ করেছেন।
আশুতোষবাবুর মতে, “সমাবর্তনে ‘রোব’ না হলে চলবে না, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আসলে ভারতের শিক্ষাপদ্ধতির উৎস ব্রিটিশ ঘরানায়। এখানে ‘রোব’ অনেকটা অভ্যাস বা প্রথার মত হয়ে উঠেছে। পরিবর্তন করা যেতেই পারে। বদলালে খারাপ কিছু হবে না।”
শীর্ষেন্দুবাবুর মতে, “রাজ্যপাল ঠিক কথাই বলেছেন। রোব তো ব্রিটিশ থেকে চলে আসছে। রোবের জায়গায় অন্য কিছু ভাবলে ভালো ছিল। রোব ব্রিটিশ সংস্কৃতির প্রতীক। তাই এটার বদলে অন্য কিছু ভাবলে ভালো।”

